ইরান যুদ্ধ থামাতে আইন পাসের ঘোষণা ডেমোক্র্যাটদের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরান যুদ্ধ থামাতে আইন পাসের ঘোষণা ডেমোক্র্যাটদের
মার্কিন সিনেট ভবন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তৎপর হয়ে উঠেছেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পরপরই এ সংঘাত থামাতে আইন পাসের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

৩ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা, যা ক্ষমতাসীন রিপাবলিকানদের জন্য বড় একটি ধাক্কা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজেরাও স্বীকার করেছেন, যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষই আংশিকভাবে এ পরাজয়ের কারণ।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে সিনেট ডেমোক্র্যাটরা বলেছেন, ভোটাররা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন: ট্রাম্পের অর্থনীতি মার্কিনিদের জন্য উপযোগী নয়। তারা আরও জানান, আগামী বছর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলে ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধ, বেপরোয়া শুল্ক আরোপ থামানো এবং জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও আবাসন খরচ কমাতে তারা অবিলম্বে পদক্ষেপ নেবেন।

রয়টার্স ও ইপসোসের এক জরিপের তথ্য অনুযায়ী, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান কংগ্রেস আইন পাসের মাধ্যমে এ যুদ্ধের ইতি টানুক। ওই জরিপে দেখা গেছে, এ দাবির পক্ষে রয়েছেন ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান সমর্থক।

জনমতের চাপ বর্তমান রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসেও টের পাওয়া যাচ্ছে। ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধ বন্ধের বিষয়ে আরও একটি ভোটাভুটির আয়োজন করতে বাধ্য করার অঙ্গীকার করেছেন। এর অংশ হিসেবে ১০ নভেম্বর তিনি একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব উত্থাপন করেন, যাতে ইরানের সংঘাত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্টকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাসি জানান, হাউস স্পিকার মাইক জনসন নির্ধারিত আইন প্রণয়নের দিনগুলো বাতিল না করলে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই এ ভোটাভুটি হতে পারে। এর আগেই যুদ্ধ থামানোর আরও দুটি প্রস্তাব হাউসের ফ্লোরে উঠতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তবে বর্তমান রিপাবলিকান আইনপ্রণেতাদের অনেকেই এ যুদ্ধের সমালোচনা করলেও কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে এখনই তা বন্ধ করতে রাজি নন। হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ও ওকলাহোমার প্রতিনিধি টম কোল সাংবাদিকদের বলেন, রিপাবলিকান কংগ্রেস কোনো রিপাবলিকান প্রেসিডেন্টের কাছে এমন কোনো বিল পাঠাবে না, যেটিতে তিনি ভেটো দেবেন। আগামী ১১ ডিসেম্বর সরকারি অর্থায়নের মেয়াদ শেষ হতে চলায় এ ইস্যুতে দুই দলের মতবিরোধ নতুন করে সরকারি অচলাবস্থার শঙ্কা তৈরি করেছে। এর আগে কয়েকজন রিপাবলিকান ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার চেষ্টায় ডেমোক্র্যাটদের পাশে দাঁড়ালেও দলের বেশিরভাগ সদস্যই প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নিয়েছেন।

আগামী ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটদের সামনে সামরিক অভিযান সীমিত করার আইন পাস, যুদ্ধের তহবিল আটকে দেওয়া এবং প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরুর মতো বেশ কিছু পথ খোলা থাকবে। তবে শেষ পর্যন্ত তারা যুদ্ধ থামাতে বাধ্য করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ, কংগ্রেস কোনো আইন পাস করলে প্রেসিডেন্ট ট্রাম্প তাতে ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন, আর সেই ভেটো বাতিল করতে হলে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

সূত্র: দ্য ইকোনোমিস্ট

/এমএকে/