জাবিতে ভর্তি আবেদন শুরু ২২ নভেম্বর, পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবিতে ভর্তি আবেদন শুরু ২২ নভেম্বর, পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। অনলাইনে আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে (সরকারি ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের মতো এবারও সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ বছর ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ‘সি-১’ ও আইবিএ-জেইউ ইউনিটে ৬০০ টাকা এবং ‘ই’ ইউনিটে আবেদন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘এ’ ইউনিটের আওতায় রয়েছে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদ। ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হবে। ‘সি-১’ ইউনিটের আওতায় রয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ। ‘ডি’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদের বিভাগগুলো অন্তর্ভুক্ত। অন্যদিকে, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) জন্য থাকবে পৃথক ভর্তি পরীক্ষা।

এবার সাতটি ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফলের হার বিবেচনায় এবার বিভিন্ন ইউনিটে আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত তুলনামূলকভাবে শিথিল করা হয়েছে।

ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা

‘এ’ ইউনিট: আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৭.৫০।

‘বি’ ইউনিট: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

‘সি’ ইউনিট: মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

‘সি-১’ ইউনিট: এ ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

‘ডি’ ইউনিট: আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৮.০০।

‘ই’ ইউনিট: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

আইবিএ-জেইউ ইউনিট: ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

/এমআর/