আপনাদের অপমান আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আপনাদের অপমান আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা
সাদিয়া জাহান প্রভা

সাংবাদিকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলা পরীমণির পাশে দাঁড়ালেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এজন্য তার অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা টেনে অনেকে তাকে কটাক্ষ করছেন। এসব সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী। প্রভা জানিয়েছেন, মানুষের অপমান বা কটূক্তি তার নীতিতে পরিবর্তন আনতে পারবে না। যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি কথা বলবেন।

শুক্রবার রাতে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’

একজন নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও তাকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারার অধিকার কারও নেই বলে মনে করেন অভিনেত্রী। প্রভা বলেন, ‘একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে আমি একমত নাও হতে পারি। তার অসদাচরণ বা মানুষকে গালিগালাজ করা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তার আচরণ আমি সমর্থন করি না। কিন্তু তাই বলে তাকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই। তার পছন্দ ও চরিত্রের বিচার তার এবং সর্বশক্তিমানের মধ্যে। তার মর্যাদা নিয়ে বিতর্কের সুযোগ নেই।’

‘কোনো নারীর পাশে দাঁড়ানো মানে তার সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়। বরং অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়াই এর উদ্দেশ্য’, বলেন তিনি।

পরীমণির অভিযোগের প্রসঙ্গ টেনে প্রভা বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। সেই পরিস্থিতিতে তাকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করি।’

নিজের অতীতের একটি ঘটনার প্রসঙ্গ টেনে যারা তাকে কটাক্ষ করছেন, তাদের উদ্দেশেও জবাব দিয়েছেন অভিনেত্রী। প্রভার বলেন, ‘যারা এমন একটি ঘটনার জন্য আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না- আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না। আপনাদের বিচার আমার পরিচয় নির্ধারণ করে না।’

সবশেষ তিনি লেখেন, একজন নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকেই তিনি বেশি গ্রহণযোগ্য মনে করেন। এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নীরব থাকতে চান না, যারা মনে করেন একজন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাদের রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরীমণি। পরে এক ভিডিও বার্তায় পরীমণির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন প্রভা। তবে তার সেই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেকেই সমালোচনা করেন। সেই সমালোচনার জবাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

/জেএইচ/