যত বাধাই আসুক, আমি থেমে থাকবো না: তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যত বাধাই আসুক, আমি থেমে থাকবো না: তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা। কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ—দুজনেরই সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় অভিনেত্রী তানজিন তিশা বলেন, যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না।

শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় তানজিন তিশা বলেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। আমার পাগলের চরিত্র আমি করেছি সেটা আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। কে আগে ইম্রপোভাইস করেছে, কে আগে অ্যাটাক করেছে, কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটা আপনারা বুঝতে পারবেন।

তিনি বলেন, অভিনয়শিল্পী সংঘ থেকে বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিও বার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।

অভিনেত্রী তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা

তানজিন তিশা বলেন, পেশাগত বিরোধ মীমাংসার বদলে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা কিংবা তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি–কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকবো না। আমি হাল ছাড়বো না। এতো আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি, কারণ আমি জানি, আমি ভুল কিছু করিনি।

উল্লেখ্য, শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। তবে সেই উদ্যোগ সফল হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশা ও সামিয়া আক্তার অথৈকে পাঠানো পৃথক চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই তাদের সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু দুজনের কেউই ওই নোটিশের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি। পরে সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

/এসবি/