দুর্দান্ত হৃদয়ে ৩১৮ রানে চা-বিরতিতে বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দুর্দান্ত হৃদয়ে ৩১৮ রানে চা-বিরতিতে বাংলাদেশ
১৯০ রানে অপরাজিত আছেন তাওহীদ হৃদয়

নিয়ম অনুসারে, ব্যাট বা শরীরের কিছু অংশ হলেও লাইনের ভেতরে থাকতে হবে। তবে রিপ্লেতে দেখা গেল, তাইজুল ইসলামের পা ছিল লাইনের ওপর। তাতে স্টাম্পিংয়ের শিকার হলেন তাইজুল। ২২ রান করে আউট হন তিনি। তাইজুলের বিদায়ে ভাঙে অষ্টম উইকেটে ১১৭ রানের জুটি।

টেস্টে অষ্টম উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় শতরানের জুটি। সর্বোচ্চ ১৪৪ রানের জুটি আছে মুশফিক ও মিরাজের।

তাইজুলের আউটের পর নামেন তাসকিন আহমেদ। তবে পরিস্থিতি বুঝে তাওহীদ হৃদয় নিজে বেশি স্ট্রাইকে থাকছেন। পঞ্চম বলে নিচ্ছেন এক রান, বা শেষ বলে রান নিয়ে প্রান্ত বদল করছেন। কারণ সাদমান ইসলাম ব্যাট করতে পারবেন না। ফলে এটি বাংলাদেশের প্রথম ইনিংসের শেষ জুটি।

চা-বিরতিতে যাওয়ার আগে তাওহীদ হৃদয় অপরাজিত আছেন ১৯০ রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এখন হৃদয়ের।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১৮ রান নিয়ে তৃতীয় দিনের চা-বিরতিতে গেছে। বাংলাদেশ এখনো পিছিয়ে ৩৮ রানে।

/টিই/