সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত বেড়ে ৩৯

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত বেড়ে ৩৯
সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৯ জন নিহত হয়েছেন

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় সোমবার (৯ নভেম্বর) আরও মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দেশটির জরুরি পরিষেবা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

উত্তর সেনেগালের সেন্ট-লুই থেকে স্পেনের উপকূলের দিকে যাত্রা করা নৌকাটি রবিবার (৮ নভেম্বর) রাজধানী ডাকারের উত্তরে কেবেমের শহরের অদূরে উল্টে যায়।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা গেছে এবং উদ্ধারকারীরা সম্ভাব্য জীবিতদের সন্ধান করছেন। নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তা জানানো হয়নি, তবে বেশ কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সেনেগালের রাষ্ট্রপতি বাসিরু দিওমায়ে ফায়ে শোক প্রকাশ করেছেন এবং এ বিপজ্জনক সীমান্ত পারাপারের নেপথ্যের চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।

এদিকে অভিবাসী সংকটের কারণে স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার তিনশতাধিক মানুষ এ দ্বীপে এসে পৌঁছেছেন। এর আগে স্পেনগামী ১৪২ জন অভিবাসীকে বহনকারী আরেকটি নৌকা আটক করে সেনেগাল কর্তৃপক্ষ।

সূত্র: ফ্রান্স ২৪

/এমএকে/