শিরোনাম

বাংলাদেশি রোগীদের জন্য ভারতের মনিপাল হাসপাতালের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি রোগীদের জন্য ভারতের মনিপাল হাসপাতালের নতুন উদ্যোগ
ছবি: সিটিজেন জার্নাল

বাংলাদেশে স্বাস্থ্যসেবা সংযোগ আরো গভীর ও কাঠামোবদ্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি হাসপাতাল নেটওয়ার্ক মনিপাল হাসপাতাল।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির ইন্টারন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস বিভাগের গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিকাশ তায়ের।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা লক্ষ করছি। রোগীরা এখন শুধু চিকিৎসার জন্য ভ্রমণ করছেন না, বরং একটি সম্পূর্ণ সমন্বিত কেয়ার জার্নি প্রত্যাশা করছেন। আমাদের মডেল সেই যাত্রাটিকে সহজ, নির্ভরযোগ্য এবং ফলপ্রসূ করে তুলতে ডিজাইন করা হয়েছে।

বিকাশ তায়ের বলেন, আন্তর্জাতিক রোগীদের জন্য মনিপাল হাসপাতাল একটি এন্ড-টু-এন্ড কেয়ার মডেল তৈরি করেছে। এখানে চিকিৎসার পাশাপাশি ভিসা সহায়তা, ভ্রমণ সমন্বয়, ব্যয় সাশ্রয় এবং চিকিৎসা-পরবর্তী ফলোআপ একসঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হয়।

তিনি বলেন, ফ্ল্যাগশিপ ইউনিটটিতে এরইমধ্যে ১ হাজারেরও বেশি রোবোটিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে স্পাইন ও জটিল সার্জারিতে দা ভিঞ্চি রোবট, ভাসকুলার ইন্টারভেনশনে করিন্ডাস/করপাথ সিস্টেম এবং জয়েন্ট রিপ্লেসমেন্টে মাকো রোবোটিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিকিৎসার নির্ভুলতা ও রোগীর পুনরুদ্ধারের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

বিকাশ তায়ের আরও বলেন, বর্তমানে মনিপাল হাসপাতাল ভারতের ২৬টিরও বেশি শহরে ৪৯টি ইউনিট পরিচালনা করছে এবং বিশ্বের ১৬০টিরও বেশি দেশের রোগীদের সেবা দিচ্ছে । এটি বর্তমানে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ ক্রস-বর্ডার হেলথকেয়ার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস বিভাগের রিজিওনাল হেড (সার্ক) রাম গোপাল বর্ধন, শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের হাসপাতাল ডিরেক্টর সঞ্জয় সিংহ মহাপাত্র এবং বাংলাদেশে মনিপাল হাসপাতালের কার্যক্রমের নেতৃত্বদানকারী খালিদ হাসান।

/এসবি/