শিরোনাম

সংক্রামক ব্যাধি হাসপাতালে কমছে হামের রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংক্রামক ব্যাধি হাসপাতালে কমছে হামের রোগী
রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে চলছে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা। ছবি: সিজেডএন জার্নাল

রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে ধীরে ধীরে কমছে হাম বা এর উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ শিশু এবং নতুন করে ৩ শিশু ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটির হামের ওয়ার্ডে ১৬ এবং আইসিইউতে ৪ শিশুর চিকিৎসা চলছে।

চিকিৎসক ও নার্সদের তথ্য অনুযায়ী, বর্তমানে ভর্তি থাকা হামে আক্রান্ত সব শিশুর বয়স এক বছরের নিচে।

রবিবার (২৮ জুন) সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালটির ৬ তলায় ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে হামে আক্রান্ত শিশুদের রাখা হয়েছে।

নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৮ শিশু চিকিৎসাধীন ছিলো। এ সময় তাদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) পেয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩ শিশু ভর্তি হয়েছে। এছাড়া, আইসোলেশন বিভাগ থেকে একজনকে হামের ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

সব মিলিয়ে বর্তমানে হামের ওয়ার্ডে ১৬টি শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের ৫ তলায় ৫ এবং ৬ নং ওয়ার্ডে রয়েছে আইসিইউ ইউনিট। সেখানে বর্তমানে হামে আক্রান্ত ৪টি শিশুর চিকিৎসা চলছে।

কর্তব্যরত নার্সরা জানান, হামে আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে যারা ভর্তি রয়েছে, তাদের সবার বয়স ১ বছরের নিচে। তারা আরও জানান, ঈদুল আজহার (২৮ মে) এক সপ্তাহ পর থেকে হামের রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে ২৮ থেকে ৩০ মে পর্যন্ত হামের রোগীর সংখ্যা ছিল ৪০ জন। ৩ জুন রোগীর সংখ্যা কমে ৩০ জনে নেমে আসে।

রোগীর স্বজনরা যা বললেন

হামে আক্রান্ত ৯ মাস বয়সী জিয়ান আহমেদকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এসেছেন তার মা সুমাইয়া আক্তার। তিনি বলেন, ভর্তি করানোর পর চিকিৎসক জানিয়েছেন, জিয়ানের পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

নরসিংদী থেকে ১০ মাস বয়সী মো. আবিদকে নিয়ে হাসপাতালে এসেছেন তার বাবা আরিফুল ইসলাম। তিনি জানান, শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে ছেলেকে হাসপাতালে ভর্তি করেছেন। এখন চিকিৎসা চলছে। আল্লাহর কাছে কার একটাই চাওয়া, ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

এদিকে, রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ৯ মাস বয়সী মো. শাহাদাতকে নিয়ে হাসপাতালে এসেছেন তার মা। তিনি বলেন, ডাক্তার কয়েকটি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বাচ্চার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/এফসি/