শিরোনাম

নবজাতককে শাল দুধ খাওয়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নবজাতককে শাল দুধ খাওয়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

প্রসবের পরপরই নবজাতককে দুধ পান করানোর জন্য মায়েদের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জন্মের পর বাচ্চাদের যেন শাল দুধ খাওয়ানো হয়। কারণ শাল দুধের চেয়ে বড় ভিটামিনের স্টক আর কিছু হতে পারে না। বয়স ৬ মাস হওয়ার পর দুধ, মধুসহ সুষম খাবার খাওয়ালে বাচ্চার শরীরে ভালো পুষ্টি পাবে।

রবিবার (২৮ জুন) সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু করেছি। ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৩৫ লাখ শিশুকে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সি ২ কোটি ২০ লাখ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সব মিলে ২ কোটি ৫৫ লাখের বেশি শিশুকে এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি বলেন, প্রথম দিন কোনো শিশু বাদ পড়লে দ্বিতীয় দিন খাবে, দ্বিতীয় দিন বাদ পড়লে তৃতীয় দিন, তৃতীয় দিন বাদ পড়লে চতুর্থ দিন– এভাবে ভিটামিন এ খাওয়ানোর কার্যক্রম চলবে।

টিকা কেন্দ্র ছাড়াও শিশুদের টিকা খাওয়ানোর জন্য লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ আরও ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। দুর্গম অঞ্চলের শিশুদের সোমবার (২৯ জুন) থেকে ৪ দিন টিকা খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, অধ্যাপক ফোয়ারা তাসমীম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী প্রমুখ।

/এফসি/