শিরোনাম

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে

বিশ্বকাপের নকআউট পর্বে উঠে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে। তবে মাঠের সাফল্যের মাঝেই গুরুতর বিতর্কে জড়িয়েছে দলটি। কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে এক ব্রাজিলীয় নারী ধর্ষণের অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড পুলিশ।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। সে সময় ফিফা সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল কেপ ভার্দে জাতীয় দল। স্বাগতিক নিউজিল্যান্ডের পাশাপাশি চিলির বিপক্ষেও ম্যাচ খেলেছিল তারা।

প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডে বসবাসরত এক ব্রাজিলীয় নারীকে কেপ ভার্দে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য দোভাষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই নারীর অভিযোগ, ২৭ মার্চ একটি কাজসংক্রান্ত বৈঠকের কথা বলে তাকে দলের হোটেলে ডাকা হয়। পরে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি নিজের কক্ষে ফিরে যান। অভিযোগ অনুযায়ী, এরপর রায়ান মেন্ডেস তার কক্ষে প্রবেশ করে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন।

অভিযোগকারী দাবি করেছেন, ঘটনার পর চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষায় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তিনি সেই মেডিকেল ও ফরেনসিক নথিসহ ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, গত এপ্রিল থেকে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত মেন্ডেসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন বা চার্জশিট দাখিল করা হয়নি।

গত ১০ মে ভুক্তভোগী নারী ও তার স্বামী ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আইনি নোটিশ পাঠিয়ে মেন্ডেসকে জাতীয় দল থেকে বহিষ্কারের দাবি জানান। ফিফা জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

অন্যদিকে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন এবং রায়ান মেন্ডেস এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

গ্লোবো স্পোর্তে প্রকাশিত একটি হোয়াটসঅ্যাপ বার্তালাপেও নতুন বিতর্কের জন্ম হয়েছে। সেখানে কেপ ভার্দে দলের এক কর্মকর্তাকে অভিযোগকারী নারীর সঙ্গে কথোপকথনে বলতে দেখা যায়, ঘটনাটি মেন্ডেসের ‘ব্যক্তিগত বিষয়’ এবং এ নিয়ে দলের কিছু করার নেই।

এ বিষয়ে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি বর্তমানে নিউজিল্যান্ড পুলিশের তদন্তাধীন। ফলে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা তাদের পক্ষে সম্ভব নয়। একই কারণে ফিফাও অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

/এমআর/