শিরোনাম

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে একফ্রেমে রাজ-শুভশ্রী

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে একফ্রেমে রাজ-শুভশ্রী
একফ্রেমে রাজ-শুভশ্রী ও তাদের প্রথম সন্তান ইউভান

বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দম্পতি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নানা মুখরোচক খবর ঘুরপাক খাচ্ছিল। তবে সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে তাদের সন্তান ইউভানের ৬ষ্ঠ জন্মদিনে মেতে উঠেছেন এই তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মদিনের একান্ত আবেগঘন মুহূর্ত প্রকাশ করে একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন রাজ-শুভশ্রী। যার মধ্য দিয়ে সম্পর্কের ফাটল নিয়ে চলা সমস্ত জল্পনায় ইতি ঘটলো।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছেলে ইউভানের ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন রাজ চক্রবর্তী।

ছবিতে দেখা গেছে, সুইমিং পুলে স্ত্রী ও সন্তানকে নিয়ে আনন্দঘন মুহূর্ত প্রকাশ করে ক্যাপশনে স্ত্রী ও সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।

ছবির ক্যাপশনে রাজ চক্রবর্তী লিখেন, ‘শুভ জন্মদিন ইউভান। তবে একই সঙ্গে আমি তোমার মাম্মাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই! কারণ ইউভানের জন্মের সুবাদেই একজন মা হিসেবে তার নতুন জন্ম হয়েছে।

তিনি লিখেন, প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি শুধু আমাদের সন্তানদের বড়ই করছ না, বরং পুরো পরিবারকে একসুতোয় বেঁধে রেখেছো। এসব কিছুই আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে।

অন্যদিকে, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও ছেলে ইউভানের শৈশবের বিভিন্ন মিষ্টি ও স্মরণীয় মুহূর্তের কোলাজ নিয়ে একটি ভিডিও পোস্ট করে সন্তানের প্রতি তার অপার ভালোবাসার কথা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। পরবর্তীতে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এই দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ইউভান। প্রথম সন্তানের পর এই তারকা দম্পতির ঘরে আসে এক কন্যাসন্তান, যার নাম রাখা হয় ইয়ালিনি। বর্তমানে দুই সন্তান ও সংসার নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন এই তারকা দম্পতি।

/এসবি/