‘ন্যাড়া মাথায়’ এ কোন হুমা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘ন্যাড়া মাথায়’ এ কোন হুমা!
হুমা কোরেশি

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের অনেক কিছুই করতে হয়। মোটা হওয়া থেকে শুরু করে ওজন কমানো- লুক পরিবর্তনের জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন পড়ে। এবার সেই পথে হেঁটেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ওয়েব সিরিজ ‘মহারানি’র পঞ্চম সিজনে রানি ভারতী চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এই সিজনে তার চেহারায় এসেছে বড় চমক। মাথার সুন্দর ঘন কালো চুল ফেলে একেবারে ন্যাড়া হয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই নায়িকা। হুমার এমন নতুন অবতার দেখে রীতিমতো চমকে গিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

চরিত্রের স্বার্থেই এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হুমা। তিনি বলেন, নতুন এই লুক তৈরি করার সময় খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন। এর আগে কখনো এমন ধরনের কোনো পরীক্ষা-নিরীক্ষা করেননি। ফলে মনের মধ্যে একধরনের আলাদা উন্মাদনা কাজ করছিল।

এই ধরনের লুক তাকে পর্দায় নিখুঁত রানি ভারতী হয়ে উঠতে আরও বেশি করে অনুপ্রাণিত করেছে বলে জানান হুমা। তার কাছে এটা অভিনয়ের গণ্ডি ছাপিয়ে নতুন কিছু করার দারুণ এক তাগিদ। ক্যারিয়ারে এই চরিত্রটি চিরকাল একটি বিশেষ জায়গা করে রাখবে বলে মনে করেন অভিনেত্রী।

মহারানি সিরিজের এবারের সিজনের গল্প দর্শকদের চমকে দেবে বলে আশা করছেন নির্মাতারা। এতে রাজনীতির আঙিনায় রানির উত্থান থেকে শুরু করে ক্ষমতার লড়াই ও নানা প্রতিকূলতা দেখানো হয়েছে। হুমা বলেন, এবার গল্পে আসতে চলেছে আরও বড় ও রোমাঞ্চকর মোড়। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সিরিজটি।

সূত্র: দ্য ওয়াল

/জেএইচ/