হুট করেই হ্যাপিলি ম্যারিড হয়ে যাব: কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
হুট করেই হ্যাপিলি ম্যারিড হয়ে যাব: কেয়া পায়েল
বধূঁ বেশে কেয়া পায়েল। ছবি: ফেসবুক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। মাস দুয়েক আগে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল চিত্রনায়ক আরিফিন শুভর ছবি। তখন ভক্ত-অনুরাগীরা হঠাৎ মনে করেছিল অভিনেত্রী কি বিয়ের কাজটা সত্যিই সেরে ফেলেছেন? তবে সেটা ছিল তার ওয়েব ফিল্ম হ্যাপিলি ম্যারিড–এর ঘোষণা।

ছবিটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। ৭ অক্টোবর রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরপর বিষয়টি আবার আলোচনায় এসেছে। অভিনেত্রীর পোস্টের মন্তব্যঘরে অনেকে মজা করে জানতে চেয়েছেন কেয়া পায়েল কবে সত্যি সত্যি ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন?

সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে এটা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। কেয়া পায়েল বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে। সবাই সেটা জানতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হয়, এটা হুট করেই হয়ে যাবে।’

এর আগে গত জুনে কেয়া পায়েলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। একটি টিকটক ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কখনো গল্প করছেন, আবার কখনো একটি রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে প্রশ্ন- কে এই তরুণ? তার সঙ্গে কেয়ার সম্পর্ক কী?

সে সময় কেয়া পায়েলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরতে দেখা যায়। তারা নাকি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। এই কথা দুই পরিবারও জানে এবং ইতিবাচকভাবেই দেখছে। এমনকি ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে খবরে বলা হয়।

তবে এ বিষয়ে কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। বর্তমানে তিনি নাটক, বিজ্ঞাপন, ফ্যাশনে সমানতালে কাজ করে যাচ্ছেন। অক্টোবরের শুরুর দিকে যাচ্ছেন দেশের বাইরে। তাই যতটা পারছেন শেষ করে যাচ্ছেন কথা দিয়ে রাখা কাজগুলো। জানান, দেশে ফিরবেন অক্টোবরের শেষ দিকে।

নাটকের পর দর্শকরা এখন কেয়া পায়েলকে সিনেমায় দেখার অপেক্ষায় দর্শকরা। যদিও অনেক আগে থেকেই সিনেমার প্রস্তাব পেয়ে আসছিলেন অভিনেত্রী। কেয়ার ভাষ্য, ‘অফার তো অনেক এসেছে। বিশেষ করে ওয়েব ফিল্ম। যখন থেকে বাংলাদেশে ওয়েব ফিল্ম শুরু হয়েছে, তখন থেকেই অফার পেয়ে আসছি। কিন্তু সব সময় আমার মনে হয়েছে যে এমন কোনো চরিত্রে, এমন কোনো গল্পে কাজ করতে হবে, যেখানে মানুষ আমাকে একটু আলাদা করতে পারবে।’

তিনি বলেন, ‘আমি যেহেতু রেগুলার নাটকে কাজ করি, তাই নাটকের বাইরে ফিল্মে বা ওয়েব ফিল্মে যখন কাজ করব, আমি চাই, সেখানে যাতে স্পেশাল পায়েলকে দেখতে পায়।’ সেটা হ্যাপিলি ম্যারিড তাকে দিয়েছে বলে মনে করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, এটা এমন একটা ফিল্ম, যেখানে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পারবেন।’

ওয়েব ফিল্মে কেয়া পায়েলের বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, ‘একজন হিরোর যে প্রেজেন্সটা সবাই চায়, তার সবই আরিফিন শুভর আছে। শুভ ভাই খুবই আন্তরিক, অনেক পেশাদার, চুপচাপ এবং সহযোগিতা করেন। প্রথম দিকে আমি ভাবছিলাম পারব কি না। তিনি সিনিয়র এবং এত অভিজ্ঞতা। কিন্তু কাজ করতে গিয়ে আমার এই জিনিসটা একদম ফিল হয়নি। তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

/জেএইচ/