ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি কীর্তি-রাধিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি কীর্তি-রাধিকা
কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে

অপেক্ষার প্রহর শেষ হলো ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তের। প্রায় দুই বছর অপেক্ষার পর অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নারী চরিত্রনির্ভর গ্যাংস্টার কাহিনি, ক্ষমতার লড়াই আর সহিংসতার আবহ নিয়ে নির্মিত সিরিজ ‘আক্কা’। সিরিজটি থেকে অতিরিক্ত সহিংসতা কমাতে বেশ কিছু দৃশ্য সম্পাদনা এবং নতুন করে শুটিং করতে হয়েছিল নির্মাতাদের।

৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ধামারাজ শেট্টি পরিচালিত ও চিত্রনাট্য রচিত এই ক্রাইম ড্রামা সিরিজ। ২০২৪ সালে এর প্রধান চিত্রগ্রহণ শেষ হয়। তবে নানা কারণে দর্শকের সামনে আসতে সময় লেগেছে।

‘অক্কা’ সিরিজের প্রেক্ষাপট ১৯৮০-এর দশকের কাল্পনিক শহর পেরনুরু। সেখানে মাতৃতান্ত্রিক সমাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন ভবানী। চরিত্রটিতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। আর তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে শহরে হাজির হয় বহিরাগত রুদ্র। এই চরিত্রে দেখা গেছে রাধিকা আপ্তেকে। এরপরই শুরু হয় দুই প্রভাবশালীর সংঘাত ও ক্ষমতার লড়াই।

ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিরিজটির গল্পের শুরুতে এর দৃশ্যায়ন ছিল বেশ রক্তাক্ত ও নির্মম। পরে নির্মাতারা কিছু দৃশ্যের নিষ্ঠুরতা কমানো প্রয়োজন অনুভব করেন। সে অনুযায়ী বেশ কিছু সহিংস দৃশ্য ও অশালীন সংলাপ বাদ দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি দৃশ্য নতুন করে শুটিং করা হয়।

এ বিষয়ে সিরিজের সঙ্গে সংশ্লিষ্টরা জানায়, একদল সাহসী ও নির্মম নারীর জীবন ঘিরে সিরিজটির গল্প এগিয়েছে। শুরুতে এর দৃশ্যায়ন ছিল বেশ রক্তাক্ত ও সহিংস। তবে ধারণ করা দৃশ্যগুলো দেখার পর নির্মাতারা মনে করেন, সহিংসতার মাত্রা কিছুটা কমানো প্রয়োজন। তাই কয়েকটি সহিংস দৃশ্য ও অশালীন সংলাপ বাদ দেওয়া হয়।

সূত্র: মিড ডে

/জেএইচ/