‘মিস ইউনিভার্স’ নিয়ে বিতর্ক, ফলাফলে কারচুপির অভিযোগ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘মিস ইউনিভার্স’ নিয়ে বিতর্ক, ফলাফলে কারচুপির অভিযোগ
মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী জেনিফার ব্যারেটো

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোয় পর্দা নেমেছে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর। সাবেক মিস ইউনিভার্স ফাতিমা বশের কাছ থেকে মুকুট পরেন স্বাগতিক দেশের প্রতিযোগী জেনিফার ব্যারেটো। ২০২৩ সালে নিয়ম বদলানোর পর প্রথম কোনো মা হিসেবে এই খেতাব জিতে ইতিহাস গড়েন ২৭ বছর বয়সী জেনিফার। শীর্ষ পাঁচে ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিকের সঙ্গে জায়গা করে নেওয়া এ আসরে ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ প্রথম রানারআপ এবং ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ দ্বিতীয় রানারআপ হন। তবে ফল প্রকাশের পরপরই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক; অনেকের দাবি, প্রতিযোগিতাটি ছিল ‘পাতানো’।

নেটিজেনদের অভিযোগ, ঘরের মেয়ে হওয়ার সুবাদে জেনিফার বাড়তি সুবিধা পেয়েছেন, অথচ চূড়ান্ত পর্বে তার উত্তর ছিল সবচেয়ে দুর্বল ও মুখস্থ করা। এক ব্যবহারকারী লেখেন, ‘বড় ধরনের কারচুপি! সবচেয়ে বাজে উত্তর। পুয়ের্তো রিকান সুন্দরীর চেয়ে মিস ডোমিনিকান রিপাবলিক এবং মিস ভেনেজুয়েলা স্বাভাবিক সৌন্দর্য ও বৈশিষ্ট্যে কোটি গুণ বেশি সুন্দরী ছিলেন।’ আগের রাউন্ডগুলোতে দোভাষীর সহায়তায় স্প্যানিশে কথা বললেও চূড়ান্ত পর্বে অনুবাদের পর হঠাৎ ইংরেজিতে উত্তর দেন তিনি। বিষয়টি নিয়ে এক্সে একজন প্রশ্ন তোলেন, ‘প্রথম প্রশ্নের উত্তর যিনি ইংরেজিতে দিতেই পারলেন না, তিনি এখন হঠাৎ কীভাবে ইংরেজিতে কথা বলছেন?’

এ ছাড়া সাউন্ডপ্রুফ হেডফোন পরা নিয়েও উঠেছে প্রশ্ন। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারীর দাবি, মাথার অলংকার না খুলেই হেডফোন পরায় অন্যদের উত্তর জেনিফারের কানে যাওয়ার সুযোগ ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এগুলো যৌক্তিক উদ্বেগ, যা নীরবতা নয় বরং স্বচ্ছতা ও সঠিক ব্যাখ্যার দাবি রাখে। যে প্রতিযোগিতা ন্যায্যতা বজায় রাখার দাবি করে, দর্শকদের তোলা প্রতিটি অসংগতির জবাব দেওয়ার সদিচ্ছা তাদের থাকা উচিত।’ তিনি আয়োজনটি বয়কটের ডাকও দেন।

চূড়ান্ত পর্বে প্রশ্ন ছিল, ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছ থেকে পৃথিবীর সবচেয়ে বেশি কী প্রয়োজন?’ সামুদ্রিক কচ্ছপ নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে মিস ফিলিপাইন বিয়া মিলান-উইন্ডরস্কি বলেন, ‘এই মুহূর্তে, আজীবন পরিবেশবাদী হিসেবে কাজ করা একজন মানুষ হিসেবে আমি চাই আমাদের বিশ্বনেতারা প্রকৃতির কথা শুনুন এবং উপলব্ধি করুন যে আমাদের অনেক কিছু শেখার আছে।’ ‘কাঁকড়া মানসিকতা’ বাদ দিয়ে ‘কচ্ছপ মানসিকতা’ নেওয়ার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক কচ্ছপের ছানারা আসলে বাসায় থেকে যায় তাদের দুর্বল ভাইবোনদের বেরিয়ে আসতে এবং সমুদ্রে যেতে সাহায্য করার জন্য। আমি চাই আমাদের বিশ্বনেতারাও একই মানসিকতা ধারণ করুন এবং বুঝুন যে একজন এগিয়ে গেলে আমরা সবাই এগিয়ে যাই।’ অন্যদিকে জেনিফার বলেন, ‘আমি বিশ্বাস করি বিশ্বের এমন নেতা প্রয়োজন যিনি পেশাদার ও সহানুভূতিশীল। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রায়ই অন্যদের বিচার করি ও প্রশ্ন তুলি। তবে নিজের অবস্থান থেকে দাঁড়ানো এবং দৃষ্টান্ত স্থাপন করা আমাদের নেতাদের হাতেই রয়েছে।’ দর্শকদের মতে, জেনিফারের চেয়ে বিয়ার উত্তরই ছিল অনেক বেশি শক্তিশালী।

পাশাপাশি লাতিন আমেরিকার প্রতিযোগীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অনেকে। এক অনুসারী লেখেন, ‘প্রতি বছর সারা বিশ্ব থেকে নারীদের একত্রিত করার মানে কী, যদি সব সময় লাতিন আমেরিকার প্রতিযোগীদেরই সেরা হিসেবে তুলে ধরা হয়?’ এক্সে আরেকজন মন্তব্য করেন, ‘আমার মনে হয় মিস ইউনিভার্স অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং নিশ্চিতভাবেই পাতানো, কারণ আমি সব সময় দেখেছি লাতিন দেশগুলোর নারীরাই জেতেন, কিন্তু এশিয়া, ইউরোপ বা আফ্রিকার নারীরা খুব কমই মুকুট পান।’ ২০২৫ সালে মেক্সিকোর ফাতিমা বশের জয়ের পরও একই বিতর্ক উঠেছিল। এবারের ফল নিয়ে ইনস্টাগ্রামে এক দর্শক লেখেন, ‘মিস ইউনিভার্স ২০২৬ হলো ২০২৫-এর পুনরাবৃত্তি। পাতানো খেলা! এটা অস্বীকার করার উপায় নেই।’ আরেকজন লেখেন, ‘এটি সত্যিই খুব নিম্নমানের। আরে! এখানে ঠিক কী চলছে?’

তবে এসব অভিযোগে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

/এমএকে/