ফিউশন সাজে নজর কাড়লেন কৌশানি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ফিউশন সাজে নজর কাড়লেন কৌশানি
টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি

গাঢ় সবুজ পোশাকে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর মায়াবী চাহনি- সব মিলিয়ে যেন রাজকীয় এক আবহ। চেনা গ্ল্যামারের বাইরে ফিউশন সাজে নতুন রূপে ধরা দিলেন টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশ করা একগুচ্ছ ছবি ঘিরেই এখন ভক্তদের আগ্রহ।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও বরাবরই সচেতন কৌশানি। কখনো আধুনিক, কখনো ঐতিহ্যবাহী সাজে ভক্তদের চমকে দেন তিনি। এবার বেছে নিয়েছেন দুই ধারার মিশেলে তৈরি এক ব্যতিক্রমী লুক।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।’

ছবিতে কৌশানির পরনে ছিল গাঢ় সবুজ রঙের জমকালো পোশাক। তাতে সোনালি, রুপালি ও লালচে নকশার নিপুণ কারুকাজ। ব্লাউজজুড়ে অলংকারি মোটিফ, আর কোমরের কাছে ঝুলে থাকা মুক্তা ও পুঁতির কাজ সাজে যোগ করেছে বাড়তি জৌলুশ। একই রঙের ওড়নায় পুরো লুকে এসেছে আভিজাত্যের ছোঁয়া।

তবে শুধু পোশাকেই নয়, সাজের প্রতিটি অনুষঙ্গেই ছিল বিশেষ নজর। খোলা বাদামি ঢেউখেলানো চুলে যেন অন্য রকম মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। গলায় পাথরখচিত সোনালি হার, কানে ঝুলন্ত দুল আর আঙুলে আংটি- সব মিলিয়ে উৎসবের আমেজে ধরা দিয়েছেন তিনি।

কখনো সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে, কখনো পাশ ফিরে মায়াবী ভঙ্গিতে পোজ দিয়েছেন কৌশানি। আবার একটি ছবিতে পেছন ফিরে দাঁড়িয়ে ফিরে তাকানোর দৃশ্যও নজর কেড়েছে। বিশেষ করে পোশাকের পেছনের কারুকাজ আর লম্বা ঢেউখেলানো চুল ছবিটিতে আলাদা মাত্রা যোগ করেছে।

উষ্ণ আলো-আঁধারের আবহে তোলা ছবিগুলোতে কৌশানির মেকআপও ছিলো বেশ মানানসই। অতিরিক্ত চাকচিক্যের বদলে পোশাক, গয়না ও অভিব্যক্তির সমন্বয়েই তৈরি হয়েছে তার পুরো সাজ। সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে ফিউশন ফ্যাশনে নিজের রুচির নতুন এক ঝলক দেখালেন এই অভিনেত্রী।

/এসবি/