জন্মদিনে বন্ধুকে চমক দিতে গিয়ে অবাক শবনম ফারিয়া!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জন্মদিনে বন্ধুকে চমক দিতে গিয়ে অবাক শবনম ফারিয়া!
মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল ও অভিনেত্রী শবনম ফারিয়া

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের জন্মদিনে তাকে চমক দিতে গিয়ে উল্টো নিজেই অবাক বনে গেলেন অভিনেত্রী শবনম ফারিয়া। জন্মদিনের প্রথম প্রহরে কেক ও উপহার নিয়ে পিয়ার বাসায় হাজির হয়েও দেখা পেলেন না বন্ধুর। কারণ, গভীর রাতে ঘুমিয়ে পড়েছিলেন পিয়া ও তার পরিবারের সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) পিয়া জান্নাতুলের জন্মদিন। বিশেষ এই দিনে পরিবার, বন্ধু, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে শবনম ফারিয়ার ব্যতিক্রমী জন্মদিনের আয়োজন।

বন্ধু পিয়া জান্নাতুলকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে রাত ১২টার পরই তার বাসার সামনে হাজির হন ফারিয়া। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন বন্ধু। সবার হাতে ছিল জন্মদিনের কেক ও নানা উপহার। পরিকল্পনা ছিল, রাতের এই বিশেষ মুহূর্তে পিয়াকে চমকে দিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন তারা। কিন্তু তাদের সেই পরিকল্পনায় বাধ সাধে ঘুম! বাসার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাননি ফারিয়া ও তার সঙ্গীরা। ফলে বন্ধুকে চমকে দেওয়ার বদলে নিজেরাই পড়ে যান অপ্রত্যাশিত পরিস্থিতিতে।

এমন পরিস্থিতিতে পিয়ার দরজার সামনেই একটি ভিডিও রেকর্ড করেন ফারিয়া।

ভিডিওতে তিনি বলেন, এটা পিয়া জান্নাতুলের বাসা। আমরা আধা ঘণ্টা ধরে নক করছি, কিন্তু যার জন্মদিন, সে দরজা খুলছে না। সে ঘুমিয়ে আছে। সো, পিয়া হ্যাপি বার্থডে। সকালে উঠে ভিডিওটা দেখো।

এদিকে, আজ সকাল সাড়ে নয়টার দিকে ফারিয়ার ওই ভিডিওর কমেন্ট বক্সে পিয়া জান্নাতুল লিখেন, তোমরা তো জানো, আমি জলদি ঘুমিয়ে যাই। অন্তত ১০টার দিকেও বলতে পারতে যে, তোমরা আসবে। পুরা বাসা ঘুমিয়ে গিয়েছিলো। সো সরি। আর অনেক ধন্যবাদ।

/এসবি/