ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিত্রনায়িকা পরীমনি

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ঘিরে আবারও সরব বিনোদন অঙ্গন। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার শুনানিতে অংশ নিতে ঢাকার আদালতে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এই অভিনেত্রী। ওই ঘটনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন পরীমনি।

ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সে যখন আমাকে ধরল, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? জবাবে সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের এক মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। কিন্তু সেখানে গিয়েও তাকে নিয়ে তৈরি হয় বিতর্ক। এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, তাকে টেনে নেওয়া এবং এমনকি মারধরের অভিযোগ ওঠে নায়িকার বিরুদ্ধে।

পরীমনির দাবি, সেই সাংবাদিক তাকে ব্যাডটাচ করেছিলেন। এর জেরে সেই সাংবাদিকের প্রতি মেজাজ হারান, করেন অকথ্য ভাষা ব্যবহার।

তিনি বলেন, সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক, তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরদিন ৫ আগস্ট র‌্যাবের পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের পক্ষে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে অভিযানের সময় ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

এ ছাড়া মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় সংরক্ষণ এবং নিজের গাড়ি মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগও আনা হয়। এসব অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

এর আগে, ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন পরীমনি। পরবর্তীতে একই বছরের ১ মার্চ উচ্চ আদালত একটি রুল জারি করেন এবং পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন।

উচ্চ আদালতের নির্দেশনার পর মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চলা এই মামলার পরবর্তী আইনি অগ্রগতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

/এসবি/