‘যাপিত জীবন’ নিয়ে দোয়া চাইলেন ভাবনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘যাপিত জীবন’ নিয়ে দোয়া চাইলেন ভাবনা
আশনা হাবিব ভাবনা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় প্রথমবার সিনেমায় পদার্পণ করেছেন তিনি। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমা। এটি নিয়ে বেশ আবেগাপ্লুত এ অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

ছাদবাগানে অভিনেত্রী
ছাদবাগানে অভিনেত্রী

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় ‘যাপিত জীবন’ সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে সামাজিকমাধ্যমে নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী লেখেন, শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা যাপিত জীবন-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং। সবার কাছে দোয়া প্রত্যাশী।

তিনি বলেন, অনেক ভালোবাসা, আবেগ ও পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এ ‘যাপিত জীবন’ সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের।

তিনি আরও বলেন, সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।

জলকেলিতে ভাবনা
জলকেলিতে ভাবনা

‘যাপিত জীবন’ সিনেমা ভাবনা ছাড়াও অভিনয় জুটি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। আরও রয়েছেন বর্ষীয়ান পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ, অভিনেত্রী ডলি জহুর, গাজী রাকায়েত, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম প্রমুখ।

উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকট উঠে এসেছে।

/জেএইচ/