১৪৯ বছরের ইতিহাসে ক্রিকেটে বিরল ২ রেকর্ড নাসিরের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১৪৯ বছরের ইতিহাসে ক্রিকেটে বিরল ২ রেকর্ড নাসিরের
ব্যাট ও বল হাতে নাসির খান মারুফখিল

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন আফগানিস্তানের খেলোয়াড় নাসির খান মারুফখিল। তিনি এমন দুটি নজির গড়েছেন, যা ক্রিকেটের ১৪৯ বছরে দেখা যায়নি!

জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি। তবে এটা অনেকেই করেছেন। তিনি নতুন যে রেকর্ড গড়েছেন সেটা হলো এর পাশাপাশি ৯ উইকেট নিয়েছেন। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অভিষেকে সেঞ্চুরি ও ম্যাচে ৯ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার বনে গেছেন ২০ বছর বয়সী অলরাউন্ডার।

ম্যাচের প্রথম ইনিংসে ৭৪ বলে করেন মাত্র ২০ রান। তবে দ্বিতীয় ইনিংসে আলো ছড়িয়েছেন নাসির। ২৪২ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। বল হাতে প্রথম ইনিংসে ৪৪ ওভার করে ১৫১ রানে দিয়ে ৭ উইকেট তুলে নেন। আর দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে ১০৬ রান দিয়ে পান আরও ২ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট।

এই ম্যাচে আরও দুটি বিরল রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে তিনি খেলেছেন ৩১৬ বল। আর বল করেছেন ৮১ ওভার। টেস্ট অভিষেকে ৩০০-এর বেশি বল খেলা এবং ৩০০-এর বেশি বল করার কীর্তি এর আগে কারও ছিল না। একইসঙ্গে অভিষেক টেস্টে ৫০ ওভারের বেশি ব্যাটিং ও ৫০ ওভারের বেশি বোলিং করা প্রথম ক্রিকেটারও নাসির।

এর আগে টেস্ট অভিষেকে সেঞ্চুরি ও এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল শুধু নিউজিল্যান্ডের ব্রুস টেলরের। ১৯৬৫ সালের মার্চে কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে এ নজির গড়েন তিনি।

সেই ম্যাচে ৮ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১০৫ রান করেন টেলর। এরপর বল হাতে ২৩.৫ ওভারে ৮৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ম্যাচটি ড্র হয়েছিল। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন টেলর। তার সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন নাসির।

জিম্বাবুয়ের বিপক্ষে নাসির মোট ১২১ রান সংগ্রহ করেছেন। আর বল হাতে নিয়েছেন ৯ উইকেট। আফগানিস্তানের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে চলতি মাসে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১১৩ রান করেছিলেন রহমানউল্লাহ। তার আগে ২০২৫ সালের জানুয়ারিতে বুলাওয়েতে অভিষেকে ১০১ রান করেছিলেন ইসমত আলম।

টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া আফগান বোলারদের তালিকায় চতুর্থ অবস্থানে নাসির। প্রথম ইনিংসে তার ৭ উইকেট আফগানিস্তানের হয়ে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং। শীর্ষ স্থান জিয়াউর রহমানের দখলে। নিজের প্রথম টেস্টে এক ইনিংসে ৯৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে মাত্র ২০ বছর বয়সে ব্যাটে-বলে এমন নজির টেস্ট ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিলেন নাসির খান মারুফখিল। তবে এরপরও শেষ রক্ষা হয়নি। ৪১৮ রান তাড়া করতে গিয়ে আফগানিস্তান ম্যাচটা ৫৭ রানে হেরেছে। এতে ২২ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে।

/জেএইচ/