লগি-বৈঠা নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজায় বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর সংবাদদাতা
শরীয়তপুর সংবাদদাতা
লগি-বৈঠা নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজায় বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
লগি-বৈঠা নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজায় বিক্ষোভ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বৈঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মধ্যরাতে এ বিক্ষোভ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এসব ঘটনায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং তাদের সমর্থক ৭০০ থেকে ৮০০ জন লোক নাওডোবা এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা লগি-বৈঠা হাতে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করার অভিযোগও পাওয়া গেছে।

বিক্ষোভের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে পদ্মা সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এফআর/