শিরোনাম

নৌকার মনোনয়ন কেনা নায়িকা এবার ভোট চাইলেন ধানের শীষে

নৌকার মনোনয়ন কেনা নায়িকা এবার ভোট চাইলেন ধানের শীষে
নির্বাচনের প্রচারণায় নায়িকা শিমলা। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশেই বইছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনের প্রচারণা শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। তার আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) মাঠে সরব হয়ে উঠেন সংস্কৃতি অঙ্গনের তারকারা। সেই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলাকে।

সোমবার দুপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার উদ্দেশ্যে একঝাঁক শিল্পী মাঠে নামেন। শিমলার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মনির খান ও রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ।

ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিমলা বলেন, ‘আমি শিমলা। ধানের শীষের জন্য ভোট চাইতে এসেছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

তবে এবারের নির্বাচনী প্রচারণায় শিমলাকে ধানের শীষের পক্ষে দেখা যাওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী।

মনোনয়ন কেনার পর সে সময় একাধিক গণমাধ্যমে শিমলা নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করেছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে শিমলার। প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দর্শকমহলে আলোচনায় আসেন তিনি।

/টিই/