অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখালো ডিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখালো ডিবি
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

রাজধানীর উত্তরা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিয়াজ মেহেদী বলেন, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার বিস্তারিত তথ্য কিংবা সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর তুরাগ এলাকার ১৮ নম্বর সেক্টর একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসা ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। কিছু কিছু কথোপকথনে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের আহ্বানও জানানো হয়। এ নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপে ছিল।

পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেত্রী। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিলো না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও জানান তিনি।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একটি ভিডিওতে এমনটি দাবি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটিতে রয়েছেন।

/এসবি/