‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতি আটক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতি আটক
জ্যোতিকা জ্যোতি

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসা ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর তুরাগ এলাকার ১৮ নম্বর সেক্টর একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ডি‌সি (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির। তিনি জানান, রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে ‌আটক করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে তি‌নি ডিবি কার্যালয়ে আছেন। তবে কী অ‌ভি‌যোগ বা কোন মামলায় তাকে আটক করা হ‌য়ে‌ছে, সে বিষয়ে কিছু ব‌লেন‌নি তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। কিছু কিছু কথোপকথনে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের আহ্বানও জানানো হয়। এ নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপে ছিল।

পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেত্রী। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিলো না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও জানান তিনি।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একটি ভিডিওতে এমনটি দাবি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন।

/জেএইচ/