শিরোনাম

সমালোচনার মুখে স্থগিত আইয়ুব বাচ্চুর ২০ গানের অ্যালবাম ‘উত্তরাধিকার’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সমালোচনার মুখে স্থগিত আইয়ুব বাচ্চুর ২০ গানের অ্যালবাম ‘উত্তরাধিকার’
কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু

তীব্র সমালোচনার মুখে স্থগিত করা হয়েছে কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্র্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’ সঙ্গে জড়িত সকল অংশীজনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট এবির জন্মদিনে শুরু হয়েছিলো ‘উত্তরাধিকার’ নামের এ প্রকল্প। তবে শুরু থেকেই প্রকাশিত গানগুলো নিয়ে সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে প্রকাশিত চারটি গান অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি অপ্রকাশিত ১৩টি গান আপাতত প্রকাশ করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, আইয়ুব বাচ্চু সবার কাছে একটা আবেগের বিষয়। তার কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। শিগগিরই বসের (আইয়ুব বাচ্চু) পরিবারের সবার সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল করা হবে। তারপর গানগুলো তারা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ প্রকল্পের প্রথম গান হিসেবে প্রকাশিত হয় ‘রূপালি গিটার’ । নতুন সংগীতায়োজনে গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার। সোনার বাংলা সার্কাস ব্যান্ড গেয়েছে ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে এসেছে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ার গেয়েছেন ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের কণ্ঠে ‘হকার’ এবং অদিত গেয়েছেন ‘ঘুমন্ত শহরে’।

বাপ্পা মজুমদার, সোনার বাংলা সার্কাস ও পলাশের গাওয়া গান তিনটি ছাড়া তীব্র সমালোচনার মুখে পড়ে বাকি গানগুলো। গায়কির পাশাপাশি গানগুলোর নতুন সংগীতায়োজন নিয়েও প্রশ্ন তোলেন বাচ্চুভক্তরা।

/এসবি/