শিরোনাম

সিনেমা আমার জীবনের পবিত্র জায়গা: পপি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সিনেমা আমার জীবনের পবিত্র জায়গা: পপি
সাদিকা পারভীন পপি

ঢাকাই সিনেমার নায়িকা সাদিকা পারভীন পপির একটি মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভাইরাল পোস্টে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন- ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’

তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তার মন্তব্যটি ভাইরাল হওয়ার পর একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি দাবি করেন, তিনি কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখেননি। বরং ফিল্মই তার জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গা।

অভিনেত্রীর ভাষ্য, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলবো?’

পপির দাবি, একটি ব্যক্তিগত প্রসঙ্গে পরিবারের প্রতি ক্ষোভ থেকে বলা কিছু কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বলেছিলাম জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি- সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে আমাকে অপমান করা হয়েছে।’

পপি বলেন, ‘আমি যতদিন বেঁচে থাকব, চলচ্চিত্রের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে।’

একসময় নিয়মিত হলেও দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই চিত্রনায়িকা। বর্তমানে তিনি স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে সুখে আছেন। নিয়মিত নামাজ-রোজা পালন করছেন। শান্তিপূর্ণ পারিবারিক জীবনেই সময় দিচ্ছেন।

অভিনয়ে ফেরার সম্ভাবনা কম বলে জানিয়েছেন পপি। তবে ভবিষ্যতে প্রযোজনায় কাজ করার আগ্রহ রয়েছে তার। একইসঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর বক্তব্য বিশ্বাস বা প্রচার না করতে ভক্ত ও সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। পপি আরও বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না।’

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন তিনি। এরপর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। এরপর ‘বিদ্রোহ চারিদিকে’, ‘কে আমার বাবা, ‘লাল বাদশা’, ‘ক্ষেপা বাসু’ ‘ধর’, বস্তির মেয়ে সুরাইয়াসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিংয়ের বিরতি দিয়েছিলেন চিত্রনায়িকা পপি। তিনি নিজেও হয়েছিলেন আক্রান্ত। সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তার এই অন্তর্ধানে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়। মাঝে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শিরোনামে এসেছিলেন তিনি। এরপর মিডিপাড়ায় চাউর হয় তিনি বিয়ে করে সংসারি হয়েছেন। এরপর জানা যায় তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। তার বয়স এখন ৪ বছর প্রায়।

/জেএইচ/