শিরোনাম

শহিদ কাপুরের ‘ও রোমিও’ মুক্তি ঠেকাতে গ্যাংস্টারের মেয়ের মামলা

শহিদ কাপুরের ‘ও রোমিও’ মুক্তি ঠেকাতে গ্যাংস্টারের মেয়ের মামলা
শহিদ কাপুরের নতুন সিনেমা মুক্তি ঠেকাতে মামলা। ছবি: সংগৃহীত

মুক্তির আগেই বড় আইনি জটিলতায় পড়েছে শহিদ কাপুর অভিনীত আসন্ন সিনেমা ‘ও রোমিও’। সাংবাদিক ও লেখক হুসেইন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত এই ছবির মুক্তি বন্ধের দাবিতে মুম্বাইয়ের সিভিল কোর্টে মামলা করেছেন প্রয়াত গ্যাংস্টার হুসেইন উস্তারার কন্যা শানোবের শেখ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দায়ের করা ওই সিভিল মামলায় শানোবের দাবি করেছেন, কোনো অনুমতি ছাড়াই তার বাবার জীবন অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে। ছবিতে হুসেইন উস্তারার জীবনের ঘটনাবলি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা পরিবারের সম্মান ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মামলায় বিবাদী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, পরিচালক বিশাল ভরদ্বাজ এবং লেখক হুসেইন জাইদির।

শানোবের আদালতের কাছে আবেদন করেছেন, সিনেমাটির মুক্তির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হোক, যাতে এটি ১৩ ফেব্রুয়ারি বা তার পর কোনো সময়েই মুক্তি না পায়।

মামলায় উল্লেখ করা হয়েছে, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যেই ছবিটি নির্মাণ করা হয়েছে এবং এটি কার্যত হুসেইন উস্তারা ওরফে হুসেইন শেখের জীবনী নির্ভর। তবে নির্মাতাদের পক্ষ থেকে আগে পাঠানো আইনি নোটিশের জবাবে দাবি করা হয়েছে, ‘ও রোমিও’ কোনো বায়োপিক নয়, এটি সম্পূর্ণ কল্পকাহিনিনির্ভর একটি সিনেমা।

এই মামলার শুনানি আগামী ৬ ফেব্রুয়ারি মুম্বাই সিভিল কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/টিই/