শুরু থেকেই সমালোচনার শিকার হচ্ছি: রাশমিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শুরু থেকেই সমালোচনার শিকার হচ্ছি: রাশমিকা
রাশমিকা মান্দানা

সিনেমায় কাজ শুরু করার পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অনেকের কাছে ‘জাতীয় ক্রাশ’ হলেও নেটিজেনদের একাংশ বিভিন্ন ইস্যুতে তাকে কটাক্ষ করতে কার্পণ্য করেন না। এসব সমালোচনা নিয়ে এবার খোলাখুলি জবাব দিলেন ‘এনিম্যাল’ খ্যাত অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবারকোন্ডার সঙ্গে অতিথি হয়ে এ বিষয়ে কথা বলেন রাশমিকা।

সমালোচনার ব্যাপারে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে আমাকে সমালোচনা বা নিন্দার শিকার হতে হচ্ছে। কখনো আমার অভিনয়, কখনো ভাষা, কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি কখনোই নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাইনি। শুধু একটি ইন্ডাস্ট্রিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। শুধু একটি ভাষায় কথা বলতে চাইনি, সব ভাষায় কথা বলতে চেয়েছি।’

দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও অভিনয় করেছেন রাশমিকা। এসব সিনেমার চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় কাজ করেছি। তাই এখন যখন ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো দারুণ দুটি সিনেমার অংশ হতে পারি, একজন অভিনেত্রী হিসেবে অনেক তৃপ্তি পাই। কারণ, আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুইটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা। অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।

হিন্দি উচ্চারণ নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন রাশমিকা। ‘থামা’, ‘ককটেল ২’ কিংবা ‘সিকান্দার’ সব সিনেমায় তার হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনা হয়েছে। অধিকাংশের মতে, তার হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। এ নিয়ে রাশমিকা বলেন, ‘এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। মানুষ বলে, আমার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। আমি তো দক্ষিণ ভারতেরই মানুষ। আমার কথায় সেই টান থাকবে, এটাই স্বাভাবিক। এর উল্টোটা আশা করাই বরং অযৌক্তিক।’

প্রসঙ্গত, ১৬ অক্টোবর রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছে না। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বিজয় দেবারকোন্ডা।

/জেএইচ/