টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গাড়িচালক আহত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গাড়িচালক আহত
টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ওঠেছে অভিযোগ। এ-ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির প্রতিবেদন বলছে, রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় গাড়িতে থাকা এই অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন দুই হামলাকারী।

এ ঘটনায় প্রাণে বেঁচে যান টাইগার শ্রফ। তিনি অক্ষত থাকলেও তার গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফুটবল খেলার মাঠ থেকে বিএমডব্লিউ গাড়িতে ফিরছিলেন টাইগার শ্রফ। এ সময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে অন্তত চারটি গুলি ছোড়েন।

গাড়ির সামনের কাচ ও পাশের জানালা লক্ষ্য করে গুলি চালান দুই হামলাকারী। তবে জানালার সবচেয়ে কাছে থাকা একজনের বন্দুক থেকে গুলি বের হয়নি। অস্ত্রটি আটকে যাওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যান। গুলিতে আহত গাড়িচালককে গাড়ি থেকে বেরিয়ে আসতেও দেখা যায় ওই ভিডিওতে।

ঘটনার আরেকটি ভিডিওতে দেখা যায়, গাড়ির সামনের যাত্রীর আসনে বসেছিলেন টাইগার শ্রফ। গুলিবর্ষণের পর তার গাড়িচালক ফিরদৌস আহত হলে তিনি আসন বদলে চালকের জায়গায় বসেন। এ সময় আশপাশের লোকজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে।’ এক নারীকে তখন বলতে শোনা যায়, ‘তাড়াতাড়ি নিয়ে যাও, টাইগার।’ ধারণা করা হচ্ছে, তিনি আহত গাড়িচালককে দ্রুত হাসপাতালে নেওয়ার কথা বলছিলেন।

টাইগার শ্রফ নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ। তবে তার গাড়িচালক সামান্য আহত হয়েছেন। আহত মোট দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি হামলার দায় স্বীকার করেন। তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্য বলে দাবি করেন।

মুম্বাই পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

/টিই/