রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার গল্প শোনালেন বিজয়

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার গল্প শোনালেন বিজয়
রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা

রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিতে প্রথমে ইতালিকে বেছে নিয়েছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। কিন্তু মনের মতো আংটি না পাওয়ায় বদলে যায় পরিকল্পনা। শেষ পর্যন্ত রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনেই হাঁটু গেড়ে রাশমিকাকে প্রস্তাব দেন তিনি। সম্প্রতি সেই বিশেষ মুহূর্তের নেপথ্যের গল্প জানিয়েছেন এই অভিনেতা।

‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আগামী পর্বে হাজির হয়ে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বিজয়। অভিনেতা জানান, সাধারণত রোমান্টিক মুহূর্ত তৈরির জন্য বিশেষ কোনো পরিকল্পনা করেন না তিনি। তবে রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার একটি স্মরণীয় গল্প থাকুক, সেটি চেয়েছিলেন।

গত ডিসেম্বরে ইতালি সফরের স্মৃতিচারণা করে বিজয় বলেন, ‘আমি এমনিতে এ ধরনের রোমান্টিক কাজ করি না। কিন্তু শুধু আমার স্বভাবের কারণে রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার কোনো স্মৃতি থাকবে না, এটা চাইনি। ইতালিতে ওকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো আংটি খুঁজে পাইনি।’

তবে ইতালিতে পরিকল্পনা বাস্তবায়িত না হলেও রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়নি, এমন নয়। রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনেই বিশেষ মুহূর্তটি তৈরি করেন বিজয়।

সেদিন ছিল সংগীতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বন্ধুদেরও সেই মুহূর্তের সাক্ষী রাখতে চেয়েছিলেন তিনি। এ জন্য সবাইকে এক জায়গায় জড়ো করেন। এরপর হাঁটু গেড়ে বসে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন বিজয়।

বিয়ের অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা
বিয়ের অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা

সেই স্মৃতি মনে করে অভিনেতা বলেন, ‘উদয়পুরে আমাদের বিয়ের প্রথম দিনেই আমি ওকে প্রস্তাব দিয়েছিলাম। সেদিন ছিল সংগীতের অনুষ্ঠান। আমি হাঁটু মুড়ে বসে ওকে বিয়ের প্রস্তাব দিই। আমি চাইনি, জীবনের সেই বিশেষ মুহূর্তটা ওর কাছ থেকে কেড়ে নিতে।’

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় ও রাশমিকা। এর আগে ২২ ফেব্রুয়ারি আলাদা আলাদা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিয়ের খবর জানান তারা।

২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর থেকেই বিজয় ও রাশমিকার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেন তারা। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ায় তাদের প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

/এফআর/