সাদা শাড়ি, চুলে বেলি ফুল– জয়ার মায়াবী সাজে মুগ্ধ ভক্তরা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
সাদা শাড়ি, চুলে বেলি ফুল– জয়ার মায়াবী সাজে মুগ্ধ ভক্তরা
অফহোয়াইট শাড়ি, চুলে বেলি ফুলের সাজে অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও বরাবরই আলোচনায় তিনি। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো বাঙালি ঐতিহ্যের সাজে ভক্তদের নজর কাড়েন এ অভিনেত্রী। এবার তাকে অফহোয়াইট শাড়ি, চুলে বেলি ফুল আর কাব্যিক ক্যাপশনে সামাজিক মাধ্যমে মুগ্ধতা ছড়াতে দেখা গেছে।

সম্প্রতি নিজের নতুন সাজের একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার সেই সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি নকশা। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

চুলে বেলি ফুলের সাজে অভিনেত্রী জয়া আহসান
চুলে বেলি ফুলের সাজে অভিনেত্রী জয়া আহসান

কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখাচ্ছেন, কখনো মুচকি হেসে ক্যামেরার দিকে তাকাচ্ছেন– বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার স্নিগ্ধ বাঙালি সাজ নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন জয়া। লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।’

জয়ার সাজের পাশাপাশি তার কাব্যিক ক্যাপশনও ভক্তদের আকৃষ্ট করেছে। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর স্নিগ্ধ রূপের প্রশংসা করছেন।

/এফআর/