‘এটা আর এড়িয়ে যেতে পারছি না’, কী হয়েছিল পরীমণির সঙ্গে?

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
‘এটা আর এড়িয়ে যেতে পারছি না’, কী হয়েছিল পরীমণির সঙ্গে?
চিত্রনায়িকা পরীমণি

‘এআই প্রযুক্তি ব্যবহার করে’ তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রথমে পাত্তা দেননি চিত্রনায়িকা পরীমণি। তবে কয়েক দিন পর বিষয়টি আর এড়িয়ে যেতে না পেরে প্রতিবাদে সরব হয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে পরীমণি বলেন, ‘যখন দেখলাম, এটা আর এড়িয়ে যেতে পারছি না, তখন গিয়ে কথা বললাম।’

একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হন পরীমণি। সেখানে জীবনে বারবার নানা ঝামেলার মুখোমুখি হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরীমণি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।’

চিত্রনায়িকা পরীমণি
চিত্রনায়িকা পরীমণি

পরীমণির বক্তব্যে স্পষ্ট, এ ধরনের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ফেসবুক লাইভে এসে ওই ঘটনার প্রতিবাদ করেন অভিনেত্রী। তার এই অবস্থানের প্রশংসা করেছেন অনেকেই।

নিজের সাহসের প্রতি অন্যদের সমর্থন তাকে আরও সাহস জোগায় জানিয়ে পরীমণি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।

/এফআর/