২ কোটির সিনেমা আয় করলো ৪২৩ কোটি রুপি, রহস্য জানালেন রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ কোটির সিনেমা আয় করলো ৪২৩ কোটি রুপি, রহস্য জানালেন রিচা চাড্ডা
হনুমান অংশ সিনেমার একটি দৃশ্যে শোভিনব সত্য এবং রিচা চাড্ডা। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

২০২৬ সালে ভারতীয় সিনেমার অন্যতম বিষ্ময় হলো ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপিতে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপ ৪০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। অথচ সিনেমাটিতে নামকরা কোনো অভিনেতা নেই, আবার নেই বড় কোনো নির্মাতাও। তবুও এমন অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যের কারণ নিয়ে চলছে বিশ্লেষণ। এর কারণ কী ভালো মানের সিনেমা? না, তেমনটা মনে করেন না বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। তার মতে, ‘হনুমান অংশ’-এর সাফল্য আদতে ভালো কনটেন্টের বিপ্লব বা জোয়ার বোঝায় না।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, এ বছরে আর কী কী সিনেমা ভালো চলেছে? ‘হনুমান অংশ’-এর ব্যাপারটা আলাদা। ধর্মীয় বা পৌরাণিক কাহিনি- যাই হোক না কেন, এগুলো সবাই দেখে, ভালো চলে। দর্শক পছন্দ করে। তাই এখনই বলা যাচ্ছে না যে, এই বছর খুব ভালো কনটেন্টের সিনেমা আমরা পেয়েছি।

আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে ‘হনুমান অংশ’ নির্মাণ করেন বিশাল চতুর্বেদী। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। এছাড়াও আছেন চন্দন আনন্দ, পূর্নিমা তিওয়ারি, অনিল রাস্তোগি প্রমুখ। এটি ২০২৬ সালের অন্যতম বড় অপ্রত্যাশিত সাফল্যের সিনেমা।

‘দ্য প্যারাডাইস’, ‘দ্য ভান-ফোর্স অফ দ্য ফরেস্ট’ এবং ‘দৃশ্যম ৩’-এর মতো বড় ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সত্ত্বেও ‘হনুমান অংশ’ বড় সাফল্য দেখিয়েছে। ভক্তিমূলক এই ছবিটি মুক্তির শুরুতে তুলনামূলকভাবে কম সাড়া ফেললেও ধীরে ধীর দর্শক আসতে শুরু করে। মুক্তির কয়েক সপ্তাহ পরেও এট দর্শকদের আকর্ষণ ধরে রেখেছে। প্রায় ২ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আট সপ্তাহের মধ্যেই ভারতে ৩০০ কোটি রুপি আয় করেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ৪২৩ কোটি রুপি অতিক্রম করেছে।

/জেএইচ/