ঢাবির ৪৫তম সমাবর্তন: তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কাগজপত্র জমার নির্দেশ

তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজ প্রতিনিধি
ঢাবির ৪৫তম সমাবর্তন: তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কাগজপত্র জমার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী বছরের ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন অথবা নিবন্ধন করবেন– এমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের তিন সেট নিজ নিজ বিভাগে জমা দিতে হবে। আগামী ২ ডিসেম্বর বিকাল ৩টার মধ্যে এসব কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান/পাস) ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জমা দিতে হবে– মূল বা সাময়িক সনদ (যদি গ্রহণ করে থাকেন), সমাবর্তনের আবেদন ফরম, সমাবর্তনের পোশাক ও উপহার গ্রহণের রসিদ, ফি জমা দেওয়ার রশিদ এবং পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি। ছবিটি অনলাইন নিবন্ধনে ব্যবহৃত ছবির অনুরূপ হতে হবে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী এখনো সাময়িক সনদ সংগ্রহ করেননি, তাদের কলেজ অফিস থেকে সনদ সংগ্রহ করে সমাবর্তনের আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে বলা হয়েছে।

অন্যদিকে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মূল সনদ সংগ্রহ করেছেন, তাদের আবেদন ফরমের দুই কপি প্রিন্ট করে মূল সনদসহ আগামী ৩ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৪টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের ৩০৮ নম্বর কক্ষে জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।

/এফআর/