এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, ফলাফল তৈরির প্রাথমিক ও কারিগরি কাজগুলো বর্তমানে পুরোদমে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষাগুলোর ফল প্রস্তুত করে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বোর্ড।

প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা দেরিতে শেষ হওয়া প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ওই অঞ্চলের উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুততম সময়ে শেষ করতে বাড়তি পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যেই দেশজুড়ে একযোগে ফল প্রকাশ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, চলতি বছর সারাদেশে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

গত ২ জুলাই থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা গ্রহণ কার্যক্রম চালাতে হয়েছিল।

/এবি/