শিরোনাম

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সারা দেশের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশ কেন্দ্রের মধ্যে একটিতে কেউই পাস করেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছর সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ২০২৫ সালে যা ছিলো ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ পাসের হার ৫ দশমিক ৯০ শতাংশ কমেছে। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮ দশমিক ৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ড জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে।

/জেএইচ/