শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বিধান থাকছে না

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বিধান থাকছে না
শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের নিয়ম বাতিল করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ সংক্রান্ত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবিধানমালা সংশোধন করে কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা তথ্য নিশ্চিত করে জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস নিয়ম আর থাকছে না। ফলে ২০২৪ সালের আগের নিয়ম বহাল থাকবে।

অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না। এছাড়া গভর্নিং বডি গঠনে সংসদ সদস্যদের ক্ষমতাও থাকবে না।

২০২৪ সালের মে মাসে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করা হয়েছিল। এতে বলা ছিল, ওই প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা বিষয়ে বলা হয়েছিল, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ কোনও ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না। পরবর্তীতে ২০২৫ সালের ৩১ আগস্ট প্রবিধানমালা সংশোধন করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করে।

/টিই/