ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তাকে বলব, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পান।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ নভেম্বর। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। এদিকে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সম্পূরক পরীক্ষা নেওয়া হবে।

প্রতি বছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। তবে এবার এইচএসসিতে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা একই বছর সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

/এফসি/