একাদশ শ্রেণির ২য় ধাপের ভর্তি আবেদন শুরু আজ, সুযোগ পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
একাদশ শ্রেণির ২য় ধাপের ভর্তি আবেদন শুরু আজ, সুযোগ পাবেন যারা
ছবি: এআই

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন কার্যক্রম আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামীকাল ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির নির্দেশিকা অনুযায়ী, ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া অফিসিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

২য় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন যারা

যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করতে পারেনি কিংবা আবেদন করেও কোনো কলেজ সিলেকশন পায়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্দিষ্ট সময়ে নিশ্চায়ন বা ভর্তি হতে না পারা এবং ভুল কোটা নির্ধারণের কারণে বঞ্চিত শিক্ষার্থীরাও এই সুযোগের আওতায় থাকবে।

দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে গিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে হবে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর ১ থেকে ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও মনোনয়ন বাতিল হয়ে যাবে।

এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায় এবং নির্বাচিত শিক্ষার্থীদের কলেজভিত্তিক ভর্তি কার্যক্রম চলবে আগামী ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজ পাননি, তাদের দ্বিতীয় ধাপে আবেদনের জন্য নতুন করে কোনো ফি (২২০ টাকা) দিতে হবে না। শুধু ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদন করার সময় কোটার যোগ্যতা সঠিকভাবে যাচাই করে নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

/এফআর/