একাদশে ভর্তি শুরু আজ, আবেদন নিশ্চিত করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
একাদশে ভর্তি শুরু আজ, আবেদন নিশ্চিত করবেন যেভাবে
ছবি: এআই

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর আজ রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তি কার্যক্রম। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে মনোনীত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীরা আজ (রবিবার) থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবেন। চূড়ান্ত ফল একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে xiclassadmission.gov.bd-এ দেখা যাবে। পাশাপাশি নিবন্ধিত মুঠোফোন নম্বরেও খুদেবার্তার মাধ্যমে ফল পাঠানো হয়েছে।

একাদশে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

এবার একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। সেগুলো হলো-

  1. এসএসসি পরীক্ষার মার্কস শিট ও সার্টিফিকেটের কপি,
  2. এসএসসি পরীক্ষার প্রবেশপত্র,
  3. দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি,
  4. অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং
  5. শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর।

শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদন করেছেন। গত ১৬ আগস্ট কলেজে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হয়। প্রথম পর্যায়ের প্রকাশিত ফলে ভর্তির সুযোগ পেয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী। পরে গতকাল শনিবার মাইগ্রেশনের ফল প্রকাশিত হয়েছে। এ ধাপে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের সুযোগ পেয়েছেন ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থী। প্রকাশিত ফলের তথ্য অনুযায়ী, মোট ৮ লাখ ৫৩ হাজার ৪৪১টি আসন বরাদ্দ নিশ্চিত হয়েছে।

তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের জন্য মোট আবেদনকারীর সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৫৫ জন। তাদের মোট আবেদনের সংখ্যা ৪৮ লাখ ৮৬ হাজার ২১৫টি।

এদিকে, প্রথম ধাপে যাদের বরাদ্দ নিশ্চিত হয়নি, এমন ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন দ্বিতীয় ধাপে ফের আবেদন করেননি।

অন্যদিকে, আগের ধাপের আবেদনকারীদের মধ্যে ৪ লাখ ১৯ হাজার ১৭৬ জন অটো মাইগ্রেশন বেছে নিয়েছেন এবং ৪ লাখ ৩৪ হাজার ২৬৫ জন অটো মাইগ্রেশন বেছে নেননি।

তথ্য বলছে, প্রথম ধাপে আবেদনের যোগ্যতা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পছন্দক্রম না দেওয়ায় ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী কোনো কলেজের জন্য মনোনীত হননি। এই বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাই ছিল ২ হাজার ২০৫ জন।

এছাড়া, শিক্ষার্থীদের পছন্দক্রম না থাকায় ১১টি কলেজ কোনো আবেদনই পায়নি এবং ৪০০টিরও বেশি কলেজে একজন শিক্ষার্থীকেও ভর্তির জন্য মনোনীত করা সম্ভব হয়নি।

/এফআর/