এসএসসিতে ফেল, তবু কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এসএসসিতে ফেল, তবু কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ, চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সময়ক্ষেপণ এড়াতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্যদের জন্য ফল প্রকাশের তিন মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এসএসসিতে আগামী বছর থেকে এ পদ্ধতি চালুর কথা রয়েছে। এ অবস্থায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছরই বিশেষ পরীক্ষা আয়োজনের দাবি জানাচ্ছি।

তারা বলেন, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই একজন শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ, নিজেদের যোগ্যতা প্রমাণ এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করাও একটি দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা কোনো নিয়মবহির্ভূত সুবিধা দাবি করছি না, বরং শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি মানবিক, বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর দাবিগুলো পূরণ না হলে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করবেন বলেও জানান তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্যদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন করতে হবে, যাতে তারা পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পায়। বিশেষ পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশ করতে হবে।

পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের ব্যবস্থা করতে হবে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়। বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

এছাড়া কোনো কারণে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি, পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এজন্য ভর্তি, নিবন্ধন, পরীক্ষায় অংশগ্রহণ ও ফলাফলসংক্রান্ত বিধিবিধান সমন্বয় করে কার্যকর ব্যবস্থা প্রণয়নের দাবি জানান তারা।

/জেএইচ/