শিরোনাম

২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম
স্বর্ণালঙ্কার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

২৪ ঘণ্টার ব্যবধানে ​দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সবশেষ গতকাল সোমবার সকালে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৪৮ দফা। এছাড়া এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

/জেএইচ/