শিরোনাম

সোনার দাম ভরিতে বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা

নিজস্ব প্রতিবেদক
সোনার দাম ভরিতে বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা
ছবি: সংগৃহীত

সোনার বাজারে অস্থিরতা যেন থামছেই না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। এমন পরিস্থিতির মধ্যে সোমবার দু’দফা দাম কমানোর পর মঙ্গলবার সকালে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। এতে করে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায় পৌঁছেছে। সোমবার বিকেলে এই দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৫২০ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২০২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

এদিকে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) একবারে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি করে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক ধাপে কখনোই এতটা বৃদ্ধি করা হয়নি।

তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ভরিতে কমায় ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে আসে। এরপর আরো কয়েক দফায় কমানো হয় সোনার দাম।

/জেএইচ/