শিরোনাম

জাহাজ লিজের লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
জাহাজ লিজের লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
ছবি: সিটিজেন জার্নাল

দেশীয় শিপিং শিল্পের বিকাশ এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশী পতাকাবাহী জাহাজের অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলো তাদের ইজারাকৃত (লিজ নেওয়া) জাহাজের ভাড়া বা লিজ রেন্টাল সরাসরি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিদেশে পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এর পরিচালক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জারীকৃত এফই সার্কুলার নং ৩৭-এর ৫৩ অনুচ্ছেদের শর্তাবলী একইভাবে পরিপালন করে এখন থেকে শিপিং কোম্পানিগুলোর লিজ রেন্টাল পাঠানো যাবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এই সহজীকরণের ফলে বাংলাদেশের লজিস্টিকস এবং সমুদ্রগামী পরিবহন খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে। এতকাল বহির্বিশ্ব থেকে জাহাজ ভাড়া বা লিজ নেওয়ার ক্ষেত্রে অর্থ পরিশোধের জটিল প্রক্রিয়ার কারণে দেশীয় বিনিয়োগকারীরা পিছিয়ে পড়তেন। নতুন সার্কুলারের ফলে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে এবং দেশীয় কোম্পানিগুলো আরও সহজে আন্তর্জাতিক নৌবহরে নিজেদের জাহাজের সংখ্যা বাড়াতে সক্ষম হবে। যা দীর্ঘমেয়াদে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

এদিকে, সুযোগ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার যেন কোনো অপব্যবহার না হয়, সে লক্ষ্যে সার্কুলারে কঠোর নজরদারি ও শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনায় ডিলার ব্যাংকগুলোকে সুনির্দিষ্ট কিছু বিষয় কঠোরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।

এর আগে, গত ৭ মে জারীকৃত 'এফই সার্কুলার নং ০৮'-এর অনুচ্ছেদ ০৮ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে নিয়মিত রিটার্ন দাখিল নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট জাহাজ পরিচালনা করে অর্জিত উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা নিয়ম অনুযায়ী বাংলাদেশে সময়মতো ফিরিয়ে আনতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা প্রেরণের ক্ষেত্রে মূল সার্কুলার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর, ২০২৫-এর এফই সার্কুলার নং ৩৭-এ বর্ণিত অন্যান্য সকল সাধারণ ও প্রাসঙ্গিক নিয়মাবলী এবং সুরক্ষামূলক ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শিপিং খাতের উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক শৃঙ্খলা ও রিজার্ভের সুরক্ষাকে সমভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে সার্কুলার জারীর পর থেকে দেশের সমুদ্র ও নদী বন্দরগুলোতে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

/এসবি/