শিরোনাম

প্রবাসী আয়ে জোয়ার, ১০ দিনে এলো ১২০ কোটি ডলার

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
প্রবাসী আয়ে জোয়ার, ১০ দিনে এলো ১২০ কোটি ডলার
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: সিটিজেন গ্রাফিক্স

চলতি মাসে বেড়েছে রেমিট্যান্সের প্রবাহ। জুনের প্রথম ১০ দিনে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। সে হিসেবে দৈনিক গড়ে দেশে এসেছে ১২ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স।

শুক্রবার (১২ জুন) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ১০ দিনে দেশে ১২০ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে যা ছিল ৯৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৩১ শতাংশ।

এর আগের মাসে (মে) দেশে এসেছিল মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। দেশের ইতিহাসে কোনো এক মাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এছাড়া গত এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স।

গত ফেব্রুয়ারিতে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

অন্যদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে যেটা সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

/জেএইচ/