৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে লাভ ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে লাভ ২ লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বন্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই স্কিমের আওতায় দেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে তারা। এই বন্ড বিভিন্ন পরিবেশবান্ধব খাতে ঋণ হিসেবে দেওয়া হবে।

স্কিমটির আওতায় কোনো গ্রাহক ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড কিনলে প্রথমে ক্রয়মূল্য হবে ৮ লাখ ৪ হাজার ৯৬১ টাকা। তিন বছর মেয়াদপূর্তিতে মুনাফার পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯৫ হাজার ৩৯ টাকা। আজ রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ।

সংবাদ সম্মেলনে গ্রিন বন্ড নিয়ে বিস্তারিত তুলে ধরেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল। এটি একটি আনসিকিউরড (জামানতহীন), আনকনভার্টেবল (শেয়ারে রূপান্তরযোগ্য নয়), সম্পূর্ণ পরিশোধযোগ্য ও জিরো-কুপন বন্ড (নির্দিষ্ট মেয়াদি কোনো সুদ বা কুপন নেই) বলে জানান তিনি। দেশের পরিবেশবান্ধব উদ্যোগে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা এই বন্ডের মূল লক্ষ্য। ব্যক্তি বা প্রতিষ্ঠান, যে কেউ এই বন্ড কিনতে পারবেন।

মো. শাহীন ইকবাল জানান, বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা। অর্থাৎ কেউ এতে বিনিয়োগ করতে চাইলে ন্যূনতম ১০ লাখ টাকার বন্ড কিনতে হবে। তিন বছর মেয়াদি এই বন্ডের ক্ষেত্রে ডিসকাউন্ট রেট ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ।

সহজ করে বললে, কোনো গ্রাহক ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড কিনলে প্রথমে ক্রয়মূল্য হবে ৮ লাখ ৪ হাজার ৯৬১ টাকা। তিন বছর মেয়াদপূর্তিতে ব্যাংক থেকে ওই গ্রাহককে ১০ লাখ টাকা পরিশোধ করা হবে। তাতে মুনাফার পরিমাণ হয় ১ লাখ ৯৫ হাজার ৩৯ টাকা। এই ১০ লাখ টাকাকে বন্ডটির অভিহিত মূল্য হিসেবে বিবেচনা করা হয়।

এই বন্ডের অন্যতম প্রধান আকর্ষণ কর অব্যাহতির সুবিধা। এই বন্ড থেকে অর্জিত মুনাফার ওপর কোনো অগ্রিম আয়কর (এআইটি) বা অন্যান্য কর প্রযোজ্য হবে না।

বিনিয়োগকারীরা সময়সীমার মধ্যে প্রতি সপ্তাহের বুধবার এই বন্ডে আবেদনের সুযোগ পাবেন। ব্যাংকের যেকোনো শাখা থেকে এই আবেদন করা যাবে। তবে নির্ধারিত বুধবার সরকারি বা ব্যাংক ছুটি থাকলে ঠিক তার আগের কর্মদিবসে আবেদন জমা নেওয়া হবে। বন্ডটিতে আবেদনের জন্য বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থাকা বাধ্যতামূলক। গ্রাহকদের সুবিধার জন্য ব্র্যাক ব্যাংক শাখাগুলোয় সহজে বিও অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে।

/আরএ/