শিরোনাম

রপ্তানিমুখী শিল্প বিকাশে সব ধরনের সহায়তা দেবে বেজা: আশিক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
রপ্তানিমুখী শিল্প বিকাশে সব ধরনের সহায়তা দেবে বেজা: আশিক চৌধুরী
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যরা।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও দুটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের ধারাবাহিকতায় রবিবার (৫ জুলাই) বেজার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গোল্ডেন অয়েল মিলস লিমিটেড এবং ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বাংলাদেশ এখন শুধু উৎপাদনের গন্তব্য নয়, বরং আঞ্চলিক বিনিয়োগ ও শিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠান দুটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর এই নতুন বিনিয়োগ আমাদের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

আশিক চৌধুরী বলেন, বেজার লক্ষ্য কেবল জমি বরাদ্দ দেওয়া নয়; বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপন, উৎপাদন শুরু এবং রপ্তানিমুখী শিল্প বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা বেজা নিশ্চিত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলে সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে এবং তা মোকাবিলা করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ।

জানা গেছে, গোল্ডেন অয়েল মিলস লিমিটেড জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জমিতে প্রায় ৫২.৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি খাদ্য ও কৃষিভিত্তিক পণ্য, ফ্রোজেন ফুড, আইসক্রিম, বিশেষায়িত তেল ও ফ্যাট, প্যাকেজিং, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এবং উন্নত প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক্স উৎপাদন খাতে বিনিয়োগ করবে। এই প্রকল্পে প্রায় ৬ হাজার জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি দেশের সুপরিচিত গোল্ডেন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এবং জনপ্রিয় সেভয় আইসক্রিম- এর স্বত্বাধিকারী।

অন্যদিকে, ডেল্টা এপিআই লিমিটেড ১২ একর জমিতে প্রায় ১২.৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) উৎপাদন কারখানা স্থাপন করবে। প্রকল্পটিতে প্রায় ২০০ জনের কর্মসংস্থান হবে। একই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির আরও ৩০ একর জমি লিজ নিয়েছে ও হস্তান্তর ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেজার নির্বাহী সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) সালেহ আহমদ বলেন, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত ও বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিত করতে বেজা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে বিনিয়োগকারীরা স্বল্প সময়ে শিল্প স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন।

অনুষ্ঠানে গোল্ডেন অয়েল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে আমরা শুধু আমাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে চাই না, বরং আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের খাদ্য ও উৎপাদন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি অবদান রাখতে চাই। বেজার বিনিয়োগবান্ধব উদ্যোগ আমাদের এই সিদ্ধান্তকে আরও সহজ করেছে।

তিনি আরও বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ম্যানুফাকচারিং হাবের জন্য একটি আকর্ষণীয় স্থান, তবে তিনি সেখানে নিরাপত্তা ব্যবস্থাপনা, পরিষেবা সরবরাহ এবং শ্রমিক আবাসন সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে বেজাকে অনুরোধ জানান।

ডেল্টা এপিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন বলেন, বাংলাদেশে ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে আমরা এই বিনিয়োগ করছি। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নত অবকাঠামো ও বেজার সহায়ক নীতিমালা আমাদের দীর্ঘমেয়াদি শিল্প সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় তিনি শ্রমিক আবাসনের ক্ষেত্রে বেজার সহযোগিতা কামনা করেন এবং এ লক্ষ্যে জমি লিজ ব্যবস্থা চালু করার অনুরোধ জানান।

এর আগে, গোল্ডেন অয়েল মিলস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, ডেল্টা এপিআই লিমিটেডের পক্ষে মো. জাকির হোসেন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-এর পক্ষে সালেহ আহমদ লিজ চুক্তি স্বাক্ষর করেন।

/এফআর/