স্বর্ণের দাম একলাফে বাড়লো ২২১৬ টাকা, ভরি কত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বর্ণের দাম একলাফে বাড়লো ২২১৬ টাকা, ভরি কত
স্বর্ণালঙ্কার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত ৫ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ২১ ক্যারেটে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

/জেএইচ/