রমজানে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
রমজানে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী
মতবিনিময় সভায় কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

রমজানের প্রস্তুতি ও ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি বলেছেন, আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ, ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানোর বিষয়ে আলোচনা এবং পণ্য পরিবহন ও খালাসের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ফলের প্রকৃত শুল্কহার ১২১ শতাংশ থেকে কমিয়ে ফল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে কাজ চলছে। খেজুরের শুল্ক কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে। ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংকঋণের সুদহার কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

এছাড়া, প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম পর্যবেক্ষণে চেম্বার নিয়মিত আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি।

/এফআর/