ডিপি ওয়ার্ল্ডের হাতেই গেলো চট্টগ্রাম বন্দরের এনসিটি, চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিপি ওয়ার্ল্ডের হাতেই গেলো চট্টগ্রাম বন্দরের এনসিটি, চুক্তি সই
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি আগামী ১৫ বছর পরিচালনা করবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিপত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম সই করেন।

এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার আলোচনা নতুন নয়। ২০১৯ সালে এ প্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের মার্চে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে একটি আন্তর্জাতিক বেসরকারি অপারেটর নিয়োগে নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

পরবর্তী সময়ে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। সাবেক অন্তর্বর্তী সরকারও প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি গিয়েছিল। তবে বন্দর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ধর্মঘটের পর চলতি বছরের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্যোগটি স্থগিত হয়।

এপ্রিল মাসে দুবাইয়ে বাংলাদেশ ও দুবাইয়ের চতুর্থ যৌথ সরকারি-বেসরকারি অংশীদারত্বের বৈঠকেও এনসিটি নিয়ে আলোচনা হয়। এরপর জুনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি নিয়ে আলোচনা কমিটিকে সহায়তার জন্য ১২ সদস্যের একটি সাপোর্ট টিম গঠন করে।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৪০ শতাংশের বেশি এই টার্মিনালের মাধ্যমে হয়।

২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে প্রায় ৩৫ লাখ টিইইউ। এর মধ্যে এনসিটির মাধ্যমে হ্যান্ডল হয়েছে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার টিইইউ, যা মোটের প্রায় ৪৪ শতাংশ।

২০০৭ সালে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে এনসিটি নির্মাণ করা হয়। টার্মিনালটিতে রয়েছে পাঁচটি জেটি। চট্টগ্রাম বন্দরের ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টিই রয়েছে এনসিটিতে। ফলে বন্দরের কনটেইনার পরিবহনে টার্মিনালটির গুরুত্ব অনেক বেশি।

এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামসহ বিভিন্ন সংগঠন। তাদের মূল আপত্তি হলো, দেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর স্থাপনার পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হলে রাষ্ট্রের আয়, শ্রমিকদের চাকরি এবং বন্দরের ওপর নিয়ন্ত্রণে কী প্রভাব পড়বে, তা স্পষ্ট নয়।

/এসবি/